নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে ভার্চুয়াল দুনিয়ায় পক্ষে-বিপক্ষে নানা আলোচনা শুরু হয়েছে। তাঁর ছেলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আনন্দ প্রকাশ করে স্ট্যাটাস দেন। এই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ছেলের এইচএসসি পাস করার এই খবরের পর জেলা ছাত্রদল সভাপতির পারিবারিক জীবন নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। এছাড়া তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও কীভাবে একটি ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে সংবাদকর্মীদের সাথে কথা বলার সময় ক্ষোভ প্রকাশ করেন জেলা ছাত্রদল সভাপতি শাহজাহান খান। তিনি জানান, তাঁর সন্তান পরীক্ষায় সফলতা অর্জন করায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে পোস্ট দিয়েছেন।
নিজের অবস্থান স্পষ্ট করে শাহজাহান খান আরও বলেন, তাঁর এই আনন্দ প্রকাশ নিয়ে এখন অনেকে নানা ধরনের খোঁজখবর নিচ্ছেন এবং লেখালেখি করছেন। কিন্তু বিগত ১৭ বছর ধরে তিনি যখন পুলিশের ব্যাপক অত্যাচারে নিজের বাড়িতে ঘুমাতে পারেননি, তখন কেউ কোনো খোঁজ নেয়নি বলে তিনি দাবি করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রেখে বলেন, বর্তমান সময়ে এসে তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে লেখালেখি করা হচ্ছে। একজন বাবা হিসেবে তিনি কি নিজের সন্তানকে নিয়ে মনের আনন্দটুকুও প্রকাশ করতে পারবেন না?
উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় ২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি এবং মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ওই কমিটি গঠন করা হয়েছিল।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর