নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর
রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে একাধিক সামরিক কর্মকর্তার দায়িত্বে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর তিনজন কর্মকর্তাকে নতুন পদে প্রেষণে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আগের দায়িত্বে থাকা অন্য তিন কর্মকর্তাকে নিজ নিজ বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এই রদবদলের মাধ্যমে প্রশাসন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের কার্যক্রমে নতুন গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহীদ ইব্রাহীম। এই লক্ষে তাঁর চাকরি আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, একই পদে এতদিন দায়িত্ব পালনকারী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে পুনরায় সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া হিসেবে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
শিক্ষামুলক কার্যক্রমেও সামরিক কর্মকর্তা বদলির এই আদেশ কার্যকর রয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বা বিইউপির ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক পদে নতুন দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আবুল বাশার তুহীন।
এই পদে এর আগে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন কবিরকে শিক্ষাপ্রতিষ্ঠানটির দায়িত্ব থেকে সরিয়ে সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর চাকরিও সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার আদেশ জারি করা হয়েছে।
প্রশিক্ষণমূলক বিশেষ সংস্থাতেও আনা হয়েছে প্রশাসনিক পরিবর্তন। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসির প্রশিক্ষক তথা সহকারী ইঞ্জিনিয়ার পদে নতুন দায়িত্ব পেয়েছেন স্কোয়াড্রন লিডার মো. মাসুম ইমতিয়াজ।
এই পদে নিয়োজিত স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল ইসলাম হৃদয়কে তাঁর পূর্ববর্তী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে বিমানবাহিনীতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত অনুযায়ী চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর