
নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের নিয়মিত ডিজিটাল নজরদারির প্রক্রিয়ায় বিভিন্ন জুয়া ও বেটিং সাইট পর্যবেক্ষণের সময় একটি সংঘবদ্ধ চক্রের অবৈধ কর্মকাণ্ড এবং অর্থপাচারের বিষয়টি প্রথম গোচরীভূত হয়। অনুসন্ধানী কার্যক্রমের মাধ্যমে জানা যায় যে, এই চক্রটি বিশ্বজুড়ে অনুষ্ঠিত ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন জনপ্রিয় খেলাকে কেন্দ্র করে ইন্টারনেটভিত্তিক জুয়ার অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল।
এই ধরনের জুয়ার বিশাল অঙ্কের আর্থিক লেনদেন সম্পন্ন করার জন্য বিকাশ, নগদ, রকেট এবং উপায়ের মতো বিভিন্ন জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস অ্যাকাউন্ট এবং নানা ব্যাংক হিসাব সুকৌশলে ব্যবহার করা হতো।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা তাদের নির্ধারিত এজেন্টদের সহযোগিতায় জুয়া খেলার সমস্ত অর্থ সংগ্রহ করা হতো এবং সেখান থেকে নির্দিষ্ট কমিশন নিজেদের কাছে রেখে বাকি অর্থ ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে পাচার করা হতো।