
নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর
শিক্ষাপ্রতিষ্ঠান মূলত মানুষের মাঝে সহনশীলতা, যুক্তিবোধ এবং দায়িত্বশীল মনোভাব গড়ে তোলার কথা। অথচ বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে ‘শিক্ষার্থী’ এই পরিচয়টি দলবদ্ধভাবে শক্তি প্রদর্শনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা জন্ম দিচ্ছে চরম অসহিষ্ণু সব ঘটনার। এই ধরনের পরিস্থিতি সামগ্রিকভাবে শিক্ষার মূল উদ্দেশ্যকেই ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করে তুলছে।
অবশ্য এ কথা সত্য যে, হাতে গোনা কিছু মানুষের অপরাধমূলক কর্মকাণ্ডের দায় কখনো পুরো ছাত্রসমাজের ওপর চাপানো যায় না। কিন্তু শিক্ষার্থী পরিচয়ের আড়ালে যখন কোনো ধরনের অপরাধ সংঘটিত হয়, তখন কেবল অপরাধীরাই নয়, বরং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোরও নিজেদের কাজের আত্মসমালোচনা করার যথেষ্ট প্রয়োজন রয়েছে।
বর্তমান সমাজের সামগ্রিক চিত্রে একটি অত্যন্ত বিপজ্জনক প্রবণতা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন ব্যক্তিগত নানা অসন্তোষের সমাধান আলোচনার মাধ্যমে না খুঁজে শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে বের করার চেষ্টা করা হচ্ছে।
সামান্য কিছু কথা-কাটাকাটি, ব্যক্তিগত আর্থিক লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব কিংবা বিয়েবাড়ির খাবারের মতো তুচ্ছ বিষয় নিয়ে তর্কযুদ্ধের মতো ঘটনা ঘটছে। আর এই সাধারণ বিষয়গুলোই মুহূর্তের মধ্যে সংঘবদ্ধ হামলা কিংবা ভাঙচুরের মতো মারাত্মক রূপ ধারণ করছে।
পরিণতি হিসেবে সমাজে পারস্পরিক যুক্তি প্রদর্শন, আলাপ-আলোচনা কিংবা আইনি প্রতিকার পাওয়ার প্রচলিত পথগুলো ক্রমেই উপেক্ষিত হয়ে পড়ে থাকছে।