
নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর
ঝালকাঠিতে দুই বিচারক হত্যাকাণ্ডের দীর্ঘ ২১ বছর পূর্ণ হয়েছে আজ। বিচার বিভাগের ইতিহাসে এই নৃশংস ঘটনাটি এক গভীর ও বেদনাদায়ক স্মৃতির নাম হয়ে আছে।
এই হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ছিলেন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই ও সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি।
তালিকায় আরও ছিলেন উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ এবং সরাসরি হামলায় অংশ নেওয়া ইফতেখার হাসান আল মামুন। এদের সবার ক্ষেত্রেই পরবর্তীতে রায়ের দণ্ড কার্যকর করা হয়।
পরবর্তী সময়ে ২০১৬ সালের ১৬ অক্টোবর খুলনা জেলা কারাগারে এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও এক আসামি আসাদুল ইসলাম আরিফের ফাঁসির রায় কার্যকর করা হয়েছিল।
দুই বিচারককে হত্যার ওই বর্বরোচিত ঘটনাটি সেই সময় পুরো দেশে গভীর চাঞ্চল্য ও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
এই হামলার ফলে বিচার বিভাগের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং দেশের তৎকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল।
বিচারক সোহেল আহম্মেদ এবং জগন্নাথ পাঁড়ের সেই আত্মত্যাগের কথা আজও দেশের বিচার বিভাগের ইতিহাসে গভীর শোকের সঙ্গে স্মরণ করা হয়।