
নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর
বোলারদের কাছে ক্রিকেটের সবচেয়ে নান্দনিক ও রোমাঞ্চকর মুহূর্ত হলো ব্যাটসম্যানকে বোল্ড আউট করা। পিচ ভেদ করে স্টাম্প ভেঙে যাওয়ার দৃশ্য যেকোনো বোলার ও দর্শকের হৃদয়ে ভিন্ন এক আনন্দের দোলা দেয়। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ব্যাটসম্যানকে বোল্ড করার কীর্তি গড়েছেন এমন শীর্ষ পাঁচ বোলারের তালিকা নিয়ে সাজানো হয়েছে আজকের এই বিশেষ আয়োজন।
তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জিমি অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি মোট ৯৯১টি উইকেট শিকার করেছেন, যার মধ্যে ২০১টি এসেছে বোল্ড আউটের মাধ্যমে। অর্থাৎ তার মোট অর্জিত উইকেটের ২০.২৮ শতাংশই ছিল বোল্ড।
চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গতি তারকা মিচেল স্টার্ক। এই বাঁহাতি পেসার তার আন্তর্জাতিক ক্যারিয়ারে এ পর্যন্ত ৭৮৬টি উইকেট ঝুলিতে পুরেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অর্থাৎ ২২৭টি উইকেটই তিনি পেয়েছেন ব্যাটসম্যানদের বোল্ড করে, যা তার মোট উইকেটের ২৮.৮৮ শতাংশ।
তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। আন্তর্জাতিক অঙ্গনে ৭৮৯টি উইকেট শিকার করেছেন এই পাকিস্তানি পেসার। যার মধ্যে ২৫৩টি উইকেটই এসেছে স্টাম্প ভেঙে দেওয়ার মাধ্যমে, যা তার মোট উইকেটের ৩২.০৬ শতাংশ।
দ্বিতীয় স্থানে রয়েছেন সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি পেসার পাকিস্তানের ওয়াসিম আকরাম। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মোট ৯১৬টি উইকেট শিকার করেছেন। এর মধ্যে ২৭৮টি উইকেটই এসেছে বোল্ড আউটের সুবাদে, যা তার মোট শিকারের ৩০.৩৪ শতাংশ।
তালিকলার একেবারের শীর্ষে অবস্থান করছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১৩৪৭টি উইকেটের মালিক এই বোলার। যার মধ্যে ২৯০টি উইকেটই তিনি পেয়েছেন বোল্ড করে, যা তার মোট শিকারের ২১.৫২ শতাংশ।