নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর
বিগত সতেরো বছর ধরে প্রাণপণ সংগ্রামের মধ্য দিয়ে রাজপথের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটিতে স্থান পাওয়া শীর্ষ নেতৃবৃন্দ। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বক্তব্যে এমন মন্তব্য করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে হিংসাত্মক রাজনীতিতে অভ্যস্ত সেই রাজনৈতিক শক্তিকে আর কখনো রাষ্ট্রক্ষমতার ধারেকাছে ঘেঁষতে দেবে না দেশের সাধারণ মানুষ।
নবগঠিত এই কমিটির শীর্ষ পদে দায়িত্ব পাওয়া ব্যক্তিদের ব্যক্তিগত ত্যাগ ও রাজনৈতিক নিষ্ঠার কথা তুলে ধরে তিনি জানান, বর্তমান কমিটির আহ্বায়ক পদে থাকা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সকলেই অত্যন্ত পরীক্ষিত ও জনসমর্থনপুষ্ট মুখ।
গত দেড় দশকের অধিক সময় ধরে চলা নানামুখী দমনপীড়নের মধ্যেও নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে এরা আন্দোলন চালিয়ে গেছেন বলে জানান বিএনপি নেতা। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সোচ্চার থাকায় এই নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অজস্র মিথ্যা মামলা এবং কারাবন্দী থাকতে হয়েছে দীর্ঘ সময় ধরে।
এত নির্যাতন ও নিপীড়ন সত্ত্বেও এই নেতাদের ন্যূনতম বিচ্যুতির ঘটনা ঘটেনি এবং কোনো লোভ বা চাপের মুখে তারা তাদের রাজনৈতিক আদর্শ ও নৈতিক অবস্থান থেকে সরে দাঁড়াননি বলে উল্লেখ করেন রিজভী।
এ দেশের স্বাধীনতা সংগ্রাম তথা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি লড়াইয়ে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের অসামান্য অবদান রয়েছে বলে স্মরণ করেন এই জ্যেষ্ঠ বিএনপি নেতা।
সবশেষে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, এই অভিজ্ঞ ও ত্যাগী নেতৃত্বেরে মাধ্যমে রাজধানী ঢাকার দক্ষিণাঞ্চলের প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় জাতীয়তাবাদী আদর্শের অনুসারী শক্তি অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুসংহত রূপ লাভ করবে।
জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর