নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর
গত শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে রাজশাহী মহানগরের হেতেমখাঁ লিচুবাগান এলাকার একটি বাসায় মাদক সেবনের সময় স্থানীয় বাসিন্দারা এক বরখাস্ত পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করেন। পরবর্তী সময়ে এলাকাবাসী পুলিশে খবর পাঠালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাকে হেফাজতে নেয়।
ঘটনাস্থল থেকে পুলিশ মাদক সেবন সংক্রান্ত বিভিন্ন ধরনের আলামতও জব্দ করেছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে সেখান থেকে সরাসরি থানায় নিয়ে যাওয়া হয়। আটক হওয়া ওই ব্যক্তির নাম মেহেদী হাসান এবং তিনি একজন পুলিশ কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কনস্টেবল মেহেদী হাসানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। তবে তিনি বর্তমানে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় বসবাস করছেন। গত কয়েক মাস পূর্বে তিনি রাজশাহী জেলার চারঘাট থানায় কর্মরত ছিলেন।
চারঘাট থানায় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। এরপর তাকে ডোপ টেস্টের আওতায় আনা হয়। সেই পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং বর্তমানে তিনি জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত ছিলেন।
জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর