ঢাকা | বঙ্গাব্দ

নরওয়ের সাংবাদিকসহ ১১৫ আমন্ত্রিতকে ভিসা দেয়নি ভারত সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
নরওয়ের সাংবাদিকসহ ১১৫ আমন্ত্রিতকে ভিসা দেয়নি ভারত সরকার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর

হায়দরাবাদে কংগ্রেসের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় 'ভারত সম্মেলন' ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ৩১৫ জন আমন্ত্রিত অতিথির মধ্যে ১১৫ জনকে ভিসা দেয়নি ভারত সরকার। শেষ মুহূর্তে ভিসা বাতিল, প্রদান না করা এবং বৈধ ভিসা থাকা সত্ত্বেও প্রবেশে বাধা দেওয়ার এই তালিকায় আছেন নরওয়ের নারী সাংবাদিক হেল লং। নরেন্দ্র মোদির নরওয়ে সফরের সময় কঠিন প্রশ্ন করা এই সাংবাদিককে শেষ মুহূর্তে জানানো হয় যে তিনি ভারত সফর করতে পারবেন না।

তেলেঙ্গানার কংগ্রেস মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিজেপির তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন মতপ্রকাশের স্বাধীনতায় দলের এই আপত্তির কারণ বোধগম্য নয়। নরেন্দ্র মোদি নিজেকে একনায়ক মনে করেন এবং সবার কণ্ঠরোধ করতে চান বলে অভিযোগ করেন তিনি।

ডিসেম্বরে 'ইনভেস্ট তেলেঙ্গানা গ্লোবাল সামিট'–এর পূর্বে গ্লোবাল সাউথে বৈশ্বিক আলোচনার মঞ্চ হিসেবে এই ভারত সম্মেলন শুরু হয়। শুক্রবার শুরু হওয়া এই অনুষ্ঠানে 'গিগ ওয়ার্কার্স' বা চুক্তিভিত্তিক কর্মীদের জন্য তেলেঙ্গানা সরকারের নীতি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীও শনিবারের এই সম্মেলনে অংশ নেন।

কংগ্রেস নেতা শশী থারুর সামাজিক মাধ্যম এক্সে সরকারের সমালোচনা করে জানান যে ৩১৫ আমন্ত্রিতের মধ্যে ১১৫ জনকেই আসার অনুমতি দেওয়া হয়নি। একে লজ্জার উল্লেখ করে তিনি বলেন, একটি গর্বিত গণতন্ত্র নিজেদের কতটা অনিরাপদ ভাবলে এমন ভীত আচরণ করে যে সব বিরুদ্ধস্বর দাবিয়ে রাখতে হয়।

মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে উপস্থিত সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ জানান, নীতি নিয়ে আলোচনা অত্যন্ত প্রয়োজনীয়। সুইজারল্যান্ডের দাভোসের মতো হায়দরাবাদকে বৈশ্বিক আলোচনার কেন্দ্র এবং গ্লোবাল সাউথের কণ্ঠস্বর করে তুলতে চান তাঁরা।

তেলেঙ্গানার প্রবৃদ্ধি ও উন্নয়ন সাধনে আটটি অধিবেশন সাজানো হয়েছে এই আয়োজনে। ভারতসহ প্রায় ৭০টি দেশ থেকে মোট ১ হাজার জনকে আমন্ত্রণ জানানো হয়, যাঁরা পরিবেশদূষণ, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো এবং লগ্নি নিয়ে মতামত দেবেন।

গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক এক আলোচনাসভায় নরওয়ের সাংবাদিক হেল লংয়ের যোগ দেওয়ার কথা নির্ধারিত ছিল। এক ভিডিওবার্তায় হেল লং জানান, নরওয়ের ভারতীয় দূতাবাস সহায়তা করলেও রাজনৈতিক ছাড়পত্র ও ভিসা পাওয়ার পরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর সফর আটকে দেয়।

তেলেঙ্গানার কংগ্রেস সংসদ সদস্য ও মিডিয়া ইনচার্জ সি কিরণ কুমার রেড্ডি জানান, ভিসা সংক্রান্ত কড়াকড়ির কারণে প্রায় ৩০ শতাংশ আমন্ত্রিত ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

অন্যদিকে বিজেপি এই সম্মেলনকে 'দেশবিরোধী' আখ্যা দিয়েছে। তেলেঙ্গানা বিজেপি সভাপতি রামচন্দ্র রাও এবং কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি মন্তব্য করেন যে এটি ভারতবিরোধীদের সমাবেশ। যাঁরা দেশের অগ্রগতি চান না এবং সরকারের সমালোচনা করে দেশকে নিচে নামাতে চান, তারাই এই সম্মেলনে জোট বাঁধছেন।

রাজ্যে অর্থসংকট চলার পরও এত কোটি কোটি টাকা খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রামচন্দ্র রাও। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন ভিসা বাতিল করেছে সেই কারণ তাঁর জানা নেই। তবে ভিসা প্রদান বা বাতিল করা প্রতিটি দেশের সরকারের সার্বভৌম অধিকার বলে উল্লেখ করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কুলের সেই অপমানই হরিশংকর জলদাসকে এগিয়ে যেতে

স্কুলের সেই অপমানই হরিশংকর জলদাসকে এগিয়ে যেতে