নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর
গত ৯ জুলাই ভারতের নয়াদিল্লির আজাদ ভবনে ভারতীয় সাংস্কৃতিক সম্বন্ধ পরিষদের (আইসিসিআর) মহাপরিচালক কে. নন্দিনী সিংলার সঙ্গে একটি বিশেষ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভাপতির ভাষণে মহাপরিচালক বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ বন্ধনকে আরও দৃঢ় করতে যুবসমাজ, ভাষা এবং সংস্কৃতির অনন্য ভূমিকার কথা জোরালোভাবে তুলে ধরেন।
একই দিনে আজাদ ভবনে আইসিসিআর বৃত্তির আওতায় দিল্লিতে শিক্ষাজীবন অতিবাহিত করা বিদেশি শিক্ষার্থীদের সঙ্গেও প্রতিনিধি দলটি এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ে অংশ নেয়। ওই দিনই আজাদ ভবন প্রাঙ্গণে প্রতিনিধি দলের সম্মানে ভারতীয় ধ্রুপদী নৃত্যের ওপর একটি বিশেষ আলোচনা ও মনজ্ঞ প্রদর্শনীর আয়োজন করা হয়।
বিভিন্ন কার্যক্রম শেষে ১০ জুলাই প্রতিনিধি দলটি ভারতের ইতিহাস, শিল্পকলা, সাহিত্য, ভাষা এবং সংস্কৃতির নানা বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করে নিরাপদে ঢাকায় প্রত্যাবর্তন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উচ্চতর হিন্দি ভাষা চর্চা, প্রয়োজনীয় একাডেমিক উপকরণ, গবেষণার সুযোগ এবং ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত প্রতিষ্ঠানে চলমান ভাষা-শিক্ষণ কার্যক্রমে আরও বেশি সুযোগ পাওয়ার সম্ভাবনা খোঁজা ছিল এই শিক্ষা সফরের প্রধান লক্ষ্যগুলোর একটি।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় হিন্দি ভাষা শিক্ষার প্রসারে একাডেমিক বিনিময় এবং প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব আরও জোরালো করার সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা এসব আলোচনা সভায় অত্যন্ত সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজেদের গঠনমূলক মতামত তুলে ধরে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের এক চমৎকার পরিবেশ তৈরি করেন।
এই প্রাতিষ্ঠানিক সংযোগগুলো আগামী দিনে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থী পর্যায়ে নতুন যোগাযোগ এবং শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
আইসিসিআর স্কলারশিপ স্টাডি ট্যুর ২০২৬-২৭ কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি বিভাগের এই অংশ নেওয়া কেবল একটি সাধারণ শিক্ষা সফর নয়, বরং এটি দুই দেশের শিক্ষা, ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়।
এ ধরনের সফর দুই দেশের প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ভাষাগত ও সাংস্কৃতিক পারস্পরিক আদান-প্রদানকে আরও বেগবান করবে বলে দৃঢ় আশা প্রকাশ করা হচ্ছে।
তাছাড়া, বাংলাদেশ এবং ভারতের দীর্ঘকালের বন্ধুত্ব এবং দুই দেশের সাধারণ মানুষের মধ্যকার পারস্পরিক সুসম্পর্ককে আরও মজবুত করার ক্ষেত্রে এই উদ্যোগ একটি ইতিবাচক ও দূরদর্শী ভূমিকা পালন করবে।
পুরো শিক্ষা সফর জুড়ে আইসিসিআর-এর মনোনীত প্রতিনিধি হিসেবে সহকারী প্রোগ্রাম অফিসার এস এস লটওয়াল ভ্রমণ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিনিধি দলের সঙ্গে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।
জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর