নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের প্রহর
দীর্ঘ পাঁচ বছরের দীর্ঘ বিরতি পেরিয়ে অবশেষে আবারও ছোট পর্দায় ফিরে আসছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’। গত বুধবার কলকাতার জনপ্রিয় বিনোদনমূলক টেলিভিশন চ্যানেল জি বাংলা আনুষ্ঠানিকভাবে এই নতুন সিজনের ঘোষণা দিয়েছে।
ঘোষণা অনুযায়ী, এবারের আয়োজনে সিজন ১১ সম্প্রচারিত হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সব বয়সের হাস্যরস শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাঁচ বছরের বেশি বয়সসীমার যেকোনো আগ্রহী ব্যক্তি নিজের মজার কৌতুকের ভিডিও ক্লিপ পাঠিয়ে এই প্রতিযোগিতার অডিশন পর্বে অংশ নিতে পারবেন।
প্রাথমিক বাছাই পর্বের প্রক্রিয়া শেষ হওয়ার পর পরই মূল প্রতিযোগিতার লড়াই শুরু হবে। তবে এত বড় আয়োজনের ঘোষণা আসার পরেও এবারের আসরে সঞ্চালকের মূল দায়িত্বে জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী থাকবেন কি না, তা নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা।
এর প্রধান কারণ হলো, চ্যানেল কর্দৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণায় সঞ্চালকের নির্দিষ্ট কোনো নাম প্রকাশ করা হয়নি। অন্যদিকে, নতুন এই সিজন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই পুরো বিষয়টি নিয়ে একদম নিশ্চুপ হয়ে আছেন মীর নিজেই।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যখন এই বিষয়ে তাঁর সুনির্দিষ্ট মন্তব্য জানতে চেয়েছেন, তখন তিনি প্রতিবারই বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন। আর সে কারণেই মীরাক্কেলের আগামী সিজনের সঞ্চালক হিসেবে মীরের উপস্থিতি নিয়ে সংশয় ও ধোঁয়াশা কাটছে না।
জাতীয় দৈনিক প্রতিদিনের প্রহর